শনিবার ২১ নভেম্বর ২০২৬ - ১৪:৫২
ইরানের কাছে আত্মসমর্পণমূলক চুক্তি করতে মরিয়া ট্রাম্প

ইরানের কাছে কৌশলগত উদ্যোগ রয়েছে-এ কথা স্বীকার করে এক হিব্রু গণমাধ্যম বলেছে, ইরানের সঙ্গে আত্মসমর্পণমূলক চুক্তিতে পৌঁছানোর জন্য ট্রাম্প মরিয়া হয়ে চেষ্টা করছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আঞ্চলিক যুদ্ধের পরবর্তী পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ইসরায়েলি মহলে বিতর্ক ও উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের পরাজয়ের পর এই আলোচনা আরও জোরালো হয়েছে।

এদিকে বিশিষ্ট ইসরায়েলি বিশ্লেষক ও প্রাচ্যবিদ ইয়াল জিসার হিব্রু ভাষার সংবাদপত্র ‘ইসরায়েল হাইয়ুম’-এ প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, ট্রাম্প বরাবরের মতো আবারও নিজের বিজয় ঘোষণা করেছেন। তবে তা যুক্তরাষ্ট্রের নির্বাচনে নয়, বরং ইরানের বিরুদ্ধে যুদ্ধে!

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব পালনকারী ইয়াল জিসার আরও বলেন, গত এক সপ্তাহে বিভিন্ন ভাষণে ট্রাম্প বারবার দাবি করেছেন, ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে এবং আমেরিকানরা যা ধ্বংস করেছে, তা পুনর্গঠন করতে ইরানের এক শতাব্দীর এক-চতুর্থাংশ সময় লাগবে। সুতরাং, ইরানের বিরুদ্ধে আর সামরিক শক্তি প্রয়োগের প্রয়োজন নেই। এখন শুধু ৯০ শতাংশ বিজয়কে পূর্ণ বিজয়ে পরিণত করাই বাকি। আর এ লক্ষ্য অর্জনের জন্য ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রাখাই যথেষ্ট।

ট্রাম্প বারবার পিছু হটছেন এবং ইরানের কাছে আত্মসমর্পণমূলক চুক্তি চাইছেন

তিনি জোর দিয়ে বলেন, ট্রাম্পের এই বক্তব্য ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের সময় ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্তের সময় দেওয়া তাঁর বক্তব্যেরই পুনরাবৃত্তি। এর মাধ্যমে তিনি সামরিক ও রাজনৈতিক বাস্তবতার যুক্তিকে চ্যালেঞ্জ করছেন।

ট্রাম্প বারবার দাবি করছেন, যুদ্ধের প্রথম মুহূর্তেই তিনি ইরানকে পরাজিত করেছেন এবং দেশটির নৌ ও বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে।

নিবন্ধে আরও বলা হয়েছে, আশা করি ট্রাম্প নিজেই বুঝতে পারবেন যে তাঁর এসব বক্তব্য স্পষ্টতই অতিরঞ্জিত এবং তিনি যেন নিজেকে প্রতারিত না করেন। তাছাড়া, আমাদের উদ্বেগের বিষয় কখনোই ইরানের নৌবাহিনী বা বিমানবাহিনী ছিল না। বরং ইসরায়েলের জন্য সব সময় উদ্বেগের প্রধান কারণ হলো ইরানের ক্ষেপণাস্ত্রভাণ্ডার ও পারমাণবিক সক্ষমতা, যেগুলোর উন্নয়ন তেহরান এখনো অব্যাহত রেখেছে।

ওই ইসরায়েলি বিশ্লেষক আরও বলেন, একদিকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু এবং হামলার হুমকি দিয়ে যাচ্ছেন, অন্যদিকে প্রতিবারই পিছু হটছেন। একসময় তিনি দাবি করেন, ইরানিরা চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। অন্য সময় বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আর এখন দাবি করছেন, যুদ্ধ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং যুক্তরাষ্ট্র বিজয়ী হয়েছে।

তিনি আরও বলেন, ট্রাম্পের এসব বক্তব্যের অন্তরালে একটি বিষয় স্পষ্ট-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চান এবং এ ব্যাপারে তিনি অত্যন্ত আগ্রহী। তাঁর লক্ষ্য হলো, অন্তত নিজের প্রেসিডেন্টের মেয়াদের শেষ পর্যন্ত, অর্থাৎ আগামী দুই বছর ইরান-সংক্রান্ত বিষয়টি যেন আর আলোচ্যসূচিতে না থাকে।

পরবর্তী যুদ্ধের কৌশলগত উদ্যোগ ইরানের হাতে

নিবন্ধে বলা হয়েছে, ইরান ইস্যু আমেরিকানদের জন্য জীবন-মৃত্যুর প্রশ্ন নয়-এ কথা স্বীকার করার জন্য ট্রাম্প প্রশংসার দাবিদার। অধিকাংশ আমেরিকান এমনকি জানেন না, ইরান কোথায় অবস্থিত কিংবা কেন দেশটির বিরুদ্ধে যুদ্ধ করা জরুরি। অথচ এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। প্রকৃতপক্ষে, আমেরিকান নাগরিকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পণ্যের দাম যেন আগের অবস্থায় ফিরে আসে।

ইয়াল জিসার উল্লেখ করেন, এদিকে যুক্তরাষ্ট্রের মিত্ররাই যুদ্ধ ও পরাজয়ের মূল্য চুকিয়ে যাচ্ছে। আর তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে তাদের পরিত্যাগ করা হচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তিতে পৌঁছানো-যা মূলত আমেরিকার জন্য আত্মসমর্পণমূলক চুক্তি হবে-তা কেবল সময়ের ব্যাপার।

নিবন্ধে আরও বলা হয়েছে, ট্রাম্প যদি ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হন, তাহলে তাঁর ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এ কাজ করবেন। শুরু থেকেই ভ্যান্স যুদ্ধের বিরোধিতা করে আসছেন এবং একাধিকবার স্বীকার করেছেন যে, এই যুদ্ধ ছিল একটি সুস্পষ্ট ভুল।

এমনকি তিনি পরোক্ষভাবে ইসরায়েলকেই সবকিছুর জন্য দায়ী করেছেন-ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় পর্যন্ত।

ওই ইসরায়েলি বিশ্লেষক জোর দিয়ে বলেন, দুঃখজনক বিষয় হলো, ইসরায়েলি কর্মকর্তারা এসব বাস্তবতার প্রতি যথাযথ গুরুত্ব দেননি। মনে হচ্ছে, যারা ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁরা সব দিক যথাযথভাবে বিবেচনা করেননি। বিশেষ করে ট্রাম্প যে যেকোনো সময় আগেভাগে যুদ্ধ বন্ধ করে দিতে পারেন এবং ইসরায়েলকে পরিত্যাগ করতে পারেন-এই সম্ভাবনাও তাঁরা বিবেচনায় নেননি।

নিবন্ধের শেষাংশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অব্যাহত উত্তেজনা ইরানের রাজনৈতিক ও সামরিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। এই পরিস্থিতিতে ইসরায়েলসহ আরব দেশগুলো, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে একটি নতুন ও চ্যালেঞ্জপূর্ণ বাস্তবতার জন্য প্রস্তুত হতে হবে।

কারণ ইরানের সঙ্গে আরেক দফা যুদ্ধ শুরু হওয়া এখন হয়তো কেবল সময়ের ব্যাপার। তবে এবারের পার্থক্য হলো, পরবর্তী যুদ্ধের সূচনা করবে ইরান।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha