হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি আজ সোমবার, ২ আজার, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাদেশিক কার্যালয়গুলোর প্রধানদের সেমিনারের সমাপনী অনুষ্ঠানে’ সাম্প্রতিক বছরগুলোর চাপ সম্পর্কে বলেন, গত দুই বছর আমরা অত্যন্ত ব্যতিক্রমী পরিস্থিতির মধ্য দিয়ে কাটিয়েছি। এই দুই বছর আমেরিকা ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর ব্যাপক চাপ, দুটি যুদ্ধ-যার দ্বিতীয়টি কোনো না কোনোভাবে এখনো চলছে-তীব্র অর্থনৈতিক চাপ, অভ্যন্তরীণ ষড়যন্ত্র, ব্যাপক হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড, দাঙ্গা সৃষ্টির প্রচেষ্টা এবং বিদেশি প্রতিবিপ্লবী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহের চেষ্টায় পরিপূর্ণ ছিল। শত্রুরা এই দুই বছরে তাদের হাতে থাকা সবকিছুই প্রয়োগ করেছে।
তিনি আরও বলেন, ১২ দিনের যুদ্ধে ১২ দিন পর তারা ‘নিঃশর্ত আত্মসমর্পণ’-এর দাবি থেকে ‘নিঃশর্ত যুদ্ধবিরতি’তে পৌঁছেছিল। আর ৪০ দিনের যুদ্ধে প্রায় ২০ দিন পর ‘নিঃশর্ত আত্মসমর্পণ’-এর দাবি থেকে ‘নিঃশর্ত আলোচনা’ এবং সমঝোতা ও কূটনীতির পথে এগোনোর চেষ্টা শুরু করেছিল। এ নিয়ে বিস্তারিত ঘটনা রয়েছে, যা কোনো না কোনোভাবে এখনো অব্যাহত আছে। এই দুই বছরে সরকার, সশস্ত্র বাহিনী, ইসলামী প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারী এবং দেশের সর্বস্তরের জনগণ মাঠে সক্রিয় ছিলেন।
আরাকচি উল্লেখ করেন, এসব চাপের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানো সহজ কাজ নয়; সব জাতির পক্ষেও তা সম্ভব নয়। এ বিষয়ে কারও সন্দেহ নেই যে, আমেরিকার হাতে বিশ্বের সবচেয়ে বড় বাহ্যিক সামরিক শক্তি রয়েছে। সবচেয়ে জটিল ও বিস্তৃত অস্ত্রসম্ভার, বিপুল পরিমাণ গোলাবারুদের মজুত, অত্যাধুনিক যুদ্ধবিমান এবং বিশাল আকারের যুদ্ধজাহাজ-সবই দেশটির হাতে রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলি শাসকগোষ্ঠীও দাবি করত, অথবা পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় বাহ্যিক সামরিক শক্তি হিসেবে পরিচিত ছিল। এই দুই শক্তি একসঙ্গে এবং ইউরোপীয়দের সহযোগিতায়-যারা সম্প্রতি নিজেরাই স্বীকার করেছে যে, তাদের সব বিমানঘাঁটি আমেরিকার যুদ্ধবিমানগুলোর জন্য উন্মুক্ত ছিল-ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নিয়েছে এবং রাজনৈতিক সমর্থন দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, এ অঞ্চলের কয়েকটি দেশও তাদের সঙ্গে যুক্ত হয়েছে। তা সত্ত্বেও, সবাই মিলে ইরানের জনগণের মোকাবিলা করতে পারেনি।
তিনি আরও স্পষ্ট করে বলেন, ইরান যা করেছে, তা কোনো সহজ কাজ ছিল না। এটি ছিল অত্যন্ত বড় এক প্রতিরোধ। তারা নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি, অর্থাৎ তারা পরাজিত হয়েছে।
এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সম্পর্কে আরাকচি বলেন, বিশেষ করে যুদ্ধকালীন পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর একাধিক দায়িত্ব অর্পিত থাকে। এর মধ্যে রয়েছে ইরানের জনগণের ন্যায়সংগত বক্তব্য বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া, আন্তর্জাতিক ও আইনি সংস্থাগুলোতে ইরানের অবস্থান ও স্বার্থ রক্ষা করা, গণমাধ্যমে সক্রিয় থাকা এবং দেশের জন্য কূটনৈতিক পথ উন্মুক্ত করা।
তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা এবং আলোচনার পথ ধরে এগিয়ে যাওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এই দায়িত্ব কোথায় এবং কীভাবে পালন করা হবে, তা নির্ধারণের অধিকার দেশের সর্বোচ্চ নেতৃত্বের। তবে কূটনৈতিক অঙ্গনে আলোচনা ও রাজনৈতিক সমাধানের পথ উন্মুক্ত ও সুগম রাখা আমাদের দায়িত্ব, যা আমরা সব সময় করে আসছি। একই সঙ্গে দেশের ওপর চাপ ও নিষেধাজ্ঞা মোকাবিলায় সহায়তা করাও আমাদের দায়িত্ব, যাতে একসময় শত্রুরা এসব চাপ প্রয়োগ করে হতাশ হয়ে পড়ে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান জোর দিয়ে বলেন, দেশের প্রয়োজন পূরণের জন্য নতুন পথ উন্মুক্ত করা এবং বাজার অনুসন্ধান করাও আমাদের দায়িত্ব। অর্থাৎ, আমাদের ওপর যেখানেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়, সেখানে বিকল্প পথ খুঁজে বের করে উন্মুক্ত করতে হবে। আমাদের জন্য কোনো বাজার বন্ধ করে দেওয়া হলে নতুন বাজার খুঁজে বের করে তার বিকল্প তৈরি করতে হবে। কোনো পণ্য সরবরাহে বাধা দেওয়া হলে অন্য উৎস থেকে তা সংগ্রহ করে দেশে পৌঁছাতে হবে। আর আমাদের রপ্তানি বন্ধ করার চেষ্টা করা হলে বিকল্প বাজার খুঁজে বের করতে হবে, যাতে জনগণের কর্মসংস্থান বজায় থাকে এবং দেশের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকে।
তিনি উল্লেখ করেন, এই গুরুত্বপূর্ণ ও জরুরি দায়িত্ব পালনের ভার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব বিভাগের ওপর, বিশেষ করে অর্থনৈতিক কূটনীতি বিভাগের ওপর রয়েছে। নতুন সরকারের আমলে প্রাদেশিক কূটনীতি একটি নতুন কূটনৈতিক উদ্যোগ হিসেবে এ পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার।
তিনি আরও বলেন, এর আগে প্রদেশগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিত্বকারী কার্যালয়গুলো ছিল। তবে সম্ভবত তাদের ৮০ থেকে ৯০ শতাংশ কাজ প্রদেশে বসবাসকারী নাগরিক ও বিদেশি নাগরিকদের কনস্যুলার সেবা প্রদান এবং কিছুটা প্রাদেশিক গভর্নরদের কর্মসূচি ও সফর পরিকল্পনায় সহায়তা করার মধ্যেই সীমাবদ্ধ ছিল।
আরাকচি বলেন, যুদ্ধের আগে অনুষ্ঠিত বিভিন্ন সম্মেলনে অংশ নিয়ে আমি দৃঢ়ভাবে উপলব্ধি করেছি যে, আমাদের প্রতিটি প্রদেশের এমন অনেক সক্ষমতা রয়েছে, যেগুলো এখনো অজানা রয়ে গেছে। এসব সক্ষমতা দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নে কাজে লাগতে পারে। বিশেষ করে নিষেধাজ্ঞার পরিস্থিতিতে এগুলো আমাদের সহায়তা করতে পারে এবং নিষেধাজ্ঞা বা বিধিনিষেধের কারণে বাধাগ্রস্ত অনেক কার্যক্রমের বিকল্প হয়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, আমি দায়িত্ব পালনের জন্য যেসব রাষ্ট্রদূতকে পাঠানো হয়, কিংবা যারা ছুটি শেষে ফিরে আসেন, তাঁদের প্রত্যেককে বারবার বলি-যেকোনো একটি পণ্যের রপ্তানি বাড়ানোর জন্য কাজ করাও মূল্যবান, এমনকি তার মূল্য যদি মাত্র ১০ হাজার ডলার হয়। বর্তমান পরিস্থিতিতে প্রতিটি পণ্যের রপ্তানি, প্রতিটি নতুন কর্মসংস্থান এবং দেশে প্রবেশ করা প্রতিটি ডলারই আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।
সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নিশ্চিত থাকুন, যদি সক্রিয় হন, সুযোগের সন্ধান করেন, সম্মেলন ও বৈঠকের আয়োজন করেন এবং সম্ভাবনাগুলো চিহ্নিত করেন, তাহলে আপনাদের সামনে নতুন নতুন দরজা খুলে যাবে। একটি দরজা খুললে দেখবেন, সামনে আরেকটি দরজা অপেক্ষা করছে; এভাবে আরও অনেক দরজা উন্মুক্ত হবে।
আরাকচি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরো কাঠামো আপনাদের পাশে রয়েছে, যাতে আপনারা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন। অর্থনৈতিক কূটনীতি বিভাগ প্রয়োজনীয় নীতিমালা নির্ধারণ করবে, সীমান্তবর্তী অঞ্চলসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো ব্যাখ্যা করবে এবং আপনাদের প্রয়োজনীয় অগ্রাধিকার ও তথ্য সরবরাহ করবে। সব প্রাদেশিক গভর্নর আমার সঙ্গে যোগাযোগ করেন এবং জানতে চান, আমরা কবে তাঁদের প্রদেশ সফর করব। কারণ, এখন পর্যন্ত আমরা যেসব তিন, চার বা পাঁচটি প্রদেশ সফর করেছি, সেগুলো এই উদ্যোগের সুফল দেখতে পেয়েছে-এটি প্রদেশগুলোতে কী ধরনের তৎপরতা সৃষ্টি করেছে এবং কাজ এগিয়ে নিতে কতটা সহায়তা করেছে, তা তারা উপলব্ধি করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান বলেন, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে প্রদেশগুলোর বিভিন্ন কার্যক্রম পরিচালনার ক্ষমতা রয়েছে-তবে নীতিনির্ধারণের ক্ষেত্রে নয়। অর্থনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক যোগাযোগ এবং সীমান্তসংক্রান্ত কার্যক্রমসহ যেকোনো উদ্যোগ তারা গ্রহণ করতে পারে। তবে এসব বিষয়ে আপনাদের অবশ্যই অবগত থাকতে হবে এবং আপনাদের সঙ্গে সমন্বয় করতে হবে। একই সঙ্গে প্রদেশগুলোকে এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে তারা কাজ এগিয়ে নিতে পারে এবং দীর্ঘ প্রশাসনিক জটিলতায় আটকে না থাকে।
তিনি জোর দিয়ে বলেন, আমাদের প্রধান অগ্রাধিকার হলো সীমান্তবর্তী প্রদেশগুলো এবং প্রতিবেশী দেশগুলো। পাশাপাশি কয়েকটি অপ্রতিবেশী দেশও আমাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। আমি অনুরোধ করছি, আপনারা এসব অগ্রাধিকারের ওপরই মনোযোগ কেন্দ্রীভূত করুন।
আপনার কমেন্ট