মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ - ১৮:২৬
গাজা উপত্যকাজুড়ে মেনিনজাইটিস মহামারির সতর্কবার্তা

মেনিনজাইটিসে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে যে, কয়েক লাখ ফিলিস্তিনির স্বাস্থ্য ও জীবন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য বিভাগের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক উপ-মহাপরিচালক ডা. নিজাল গানিম আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত অক্টোবর মাসে মেনিনজাইটিসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭২ জনে পৌঁছেছে। অথচ প্রতি মাসে এ রোগে আক্রান্তের স্বাভাবিক গড় সংখ্যা ৩০ থেকে ৫০ জন। অর্থাৎ আক্রান্তের সংখ্যা স্বাভাবিক গড়ের তুলনায় আট গুণেরও বেশি বেড়েছে।

গানিমের বক্তব্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রোগের প্রাদুর্ভাব বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পাঁচজনের মৃত্যু হয়েছে।

তিনি ব্যাকটেরিয়াজনিত মেনিনজাইটিসের আক্রান্তের সংখ্যাও বৃদ্ধির কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এ বিপজ্জনক রোগে আক্রান্তের সংখ্যা আগে প্রতি মাসে ১০ থেকে ২০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও অক্টোবর মাসে তা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে। নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত নতুন করে আরও ১০০ জন আক্রান্ত হয়েছেন। এ প্রবণতা মৃত্যুর ঝুঁকি এবং স্থায়ী স্নায়বিক জটিলতা সৃষ্টির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিভাগের উপ-মহাপরিচালক পরীক্ষার ফলাফলের কথা উল্লেখ করে বলেন, ভাইরাসজনিত মেনিনজাইটিসের প্রাদুর্ভাবের জন্য এন্টারোভাইরাস পরিবারের একটি ভাইরাস দায়ী। পরিবেশগত পরিস্থিতির অবনতির সঙ্গে এ ভাইরাসের বিস্তারের সম্পর্ক রয়েছে। তবে পরীক্ষাগারের সরঞ্জাম ও সুযোগ-সুবিধার অভাবে ভাইরাসটির বিভিন্ন ধরনের জিনগত বৈশিষ্ট্য শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

গানিম অবকাঠামো ধ্বংস, বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রগুলোতে অতিরিক্ত জনঘনত্ব এবং পয়োনিষ্কাশনের পানির সঙ্গে খাবার পানির মিশে যাওয়াকে এ রোগ ছড়িয়ে পড়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার পানি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ও অবকাঠামো মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ, জীবাণুনাশক সামগ্রী ও জ্বালানি প্রবেশে বাধা দেওয়ার কারণে ইসরায়েলি শাসকগোষ্ঠীকে এ রোগের প্রাদুর্ভাবের জন্য সরাসরি দায়ী করেছে। একই সঙ্গে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থা পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে জরুরি চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)-এর প্রতি জরুরি সাড়াদান পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। এর আওতায় অবিলম্বে পরীক্ষাগারের সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ, অ্যান্টিবায়োটিক এবং নিরাপদ আইসোলেশন কক্ষের ব্যবস্থা করতে বলা হয়েছে।

সবশেষে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানকার বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত হাত ধোয়া এবং নিরাপদ পানি ব্যবহারের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি কমানোর আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয়টি আরও জোর দিয়ে বলেছে, যাদের মধ্যে হঠাৎ জ্বর, তীব্র মাথাব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া কিংবা বারবার বমি করার মতো উপসর্গ দেখা দেবে, তাদের অবিলম্বে হাসপাতালে যেতে হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha