হাওজা নিউজ এজেন্সি আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের বরাতে জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় হরমুজ প্রণালির জলসীমায় নৌমাইনে আঘাত লাগার পর তিনটি নিয়ম লঙ্ঘনকারী তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলোতে আগুন ধরে যায়। এর মধ্যে একটি ট্যাংকার ছিল প্রণালির দক্ষিণ উপকূলের কাছে এবং অন্য দুটি ছিল প্রণালির পূর্ব দিকে।
বিবৃতিতে বলা হয়, তিনটি ট্যাংকারই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্যাপক আকাশি নিরাপত্তা ও পাহারায় ছিল। তবে মার্কিন বাহিনীর এই নিরাপত্তাব্যবস্থা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঠেকাতে পারেনি। এ ঘটনার ছবি আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে বলেও জানিয়েছে আইআরজিসি নৌবাহিনী।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালি অননুমোদিত নৌপথ ব্যবহারের পরীক্ষা চালানো কিংবা সামুদ্রিক সতর্কতা উপেক্ষা করার জায়গা নয়। জাহাজের মালিক, ক্যাপ্টেন ও শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তা ও পাহারা সামুদ্রিক বিধিবিধান এবং আইআরজিসি নৌবাহিনীর ট্রাফিক নিয়ন্ত্রণকেন্দ্রের নির্দেশনা মেনে চলার বিকল্প হতে পারে না।
আইআরজিসি নৌবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, অননুমোদিত নৌপথে চলাচল এবং জারি করা সতর্কতা উপেক্ষা করাকে নিয়ম লঙ্ঘন ও আগ্রাসী শক্তির সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। ঘোষিত বিধিবিধান অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আপনার কমেন্ট