বুধবার ১৮ মার্চ ২০২৬ - ০০:১২
ইরানের সর্বোচ্চ নেতার প্রতি হাওজা ও আলেমসমাজের পক্ষ থেকে বায়আত ঘোষণা করে আয়াতুল্লাহ আ’রাফির বার্তা

ইরানের হাওজায়ে ইলমিয়ার প্রধান আয়াতুল্লাহ আলীরেজা আরাফি এক বার্তায় দেশটির হাওজায়ে ইলমিয়া ও আলেমসমাজের পক্ষ থেকে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেয়ীর প্রতি আনুগত্য ও বায়আত ঘোষণা করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেয়ীর প্রতি হাওজায়ে ইলমিয়া ও এর আওতাধীন আলেমসমাজের বায়আত ঘোষণা উপলক্ষে হাওজায়ে ইলমিয়ার পরিচালক আয়াতুল্লাহ আলীরেজা আরাফির বার্তার পাঠ নিম্নরূপ:

বিসমিল্লাহির রাহমানির রাহিম

یَا أَیُّهَا الَّذِینَ آمَنُوا أَطِیعُوا اللَّهَ وَأَطِیعُوا الرَّسُولَ وَأُولِی الْأَمْرِ مِنْکُمْ

“হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর, রাসূলের আনুগত্য কর এবং তোমাদের মধ্যকার কর্তৃত্বশীলদেরও আনুগত্য কর।” (সূরা আন-নিসা: ৫৯)

বেলায়াতে ফকিহ আহলে বাইত (আ.)-এর নেতৃত্বের ধারাবাহিকতায় এক পবিত্র বৃক্ষস্বরূপ, যা মহান ইমাম খোমেনি (রহ.) সমসাময়িক শাসনব্যবস্থার প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন রূপে উপস্থাপন করেছিলেন। গত প্রায় অর্ধশতাব্দী ধরে এটি ইসলামী বিপ্লবের পথনির্দেশনা ও নেতৃত্বের কেন্দ্রীয় ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত রয়েছে।

এই প্রেক্ষাপটে আমরা মহান শহীদদের স্মৃতিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি— বিশেষত শহীদ ইমাম আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী (রহ.)-এর স্মৃতিকে। একই সঙ্গে মহান ইরানের জনগণ, সশস্ত্র বাহিনী এবং প্রতিরোধ অক্ষের বিজয় কামনা করছি।

ইসলামী বিপ্লবের নেতৃত্বে আপনার নির্বাচিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনার এই নির্বাচন শোকাহত জাতির হৃদয়ে সান্ত্বনা এনে দিয়েছে এবং জনগণের মাঝে নতুন বিপ্লবী উদ্দীপনা সঞ্চার করেছে।

এ মর্মে জানানো যাচ্ছে যে, মারজায়ে কেরামের দিকনির্দেশনা অনুসরণ করে সমগ্র আলেমসমাজ, হাওজার শিক্ষক‑শিক্ষার্থী, হাওজাভিত্তিক ব্যক্তিত্ব এবং ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ আপনার প্রতি আনুগত্য ও বায়আত ঘোষণা করছে। আল্লাহর কৃপায় আপনি জ্ঞান, ইজতিহাদ ও প্রজ্ঞার মতো উচ্চ মর্যাদাসম্পন্ন গুণাবলিতে সমৃদ্ধ—এমন দৃঢ় বিশ্বাস আমরা পোষণ করি।

হাওজায়ে ইলমিয়ার আলেমসমাজ সর্বদা আপনার দিকনির্দেশনা অনুসরণ করে ইসলামী বিপ্লবের আদর্শ বাস্তবায়নে অগ্রণী ও পথপ্রদর্শক ভূমিকা পালন করবে—ইনশাআল্লাহ।

আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন আপনাকে ইসলামী রাষ্ট্রব্যবস্থার নেতৃত্বদান এবং ইমাম খোমেনি (রহ.) ও প্রিয় শহীদ ইমাম আয়াতুল্লাহ খামেনেয়ীর আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের পথে ক্রমবর্ধমান সফলতা দান করেন।

ওয়াসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আলীরেজা আরাফি 
পরিচালক, হাওজায়ে ইলমিয়া

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha