বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ - ১৩:১৬
ইতিহাসের বিভিন্ন পর্যায়ে হজরত ফাতিমা (সা.আ.)-এর সন্তানদের কাছে ফাদাক ফিরিয়ে দেওয়ার ঘটনা কীভাবে ঘটেছিল?

ইতিহাসের বিভিন্ন পর্যায়ে হজরত ফাতিমা (সা.আ.)-এর সন্তানদের কাছে ফাদাক ফিরিয়ে দেওয়ার ঘটনা কীভাবে ঘটেছিল? এই উত্থান-পতন ইতিহাসজুড়ে আহলে বাইতের (আ.) ওপর অব্যাহত নিপীড়ন সম্পর্কে কী বার্তা বহন করে?

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

উত্তর:

ভূমিকা:

প্রথম খলিফার মাধ্যমে ফাদাক বেদখল হওয়ার পর থেকে এটি ইসলামের ইতিহাসে আহলে বাইতের (আ.) বঞ্চনা ও তাঁদের অধিকার ছিনিয়ে নেওয়ার প্রতীক হিসেবে পরিচিত হয়ে ওঠে। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এই ভূখণ্ডটি বারবার বিভিন্ন খলিফা ও শাসকের হাতবদল হয়েছে। যখনই এটি হজরত ফাতিমা (সা. আ.)-এর সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী শাসকরা আবার তা তাঁদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। ফাদাকের এই উত্থান-পতন শুধু ইতিহাসজুড়ে আহলে বাইতের (আ.) ওপর অব্যাহত নিপীড়নেরই প্রমাণ বহন করে না, বরং এ বিষয়ে তৎকালীন শাসকদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও কৌশলগত অবস্থানও তুলে ধরে।

মুয়াবিয়া ও মারওয়ানিদের শাসনামলে ফাদাকের প্রত্যাবর্তন

আমিরুল মুমিনিন হজরত আলী (আ.)-এর শাহাদাতের পর মুয়াবিয়া ফাদাক মারওয়ান ইবনে হাকামের হাতে তুলে দেন। তবে পরবর্তী সময়ে তিনি তা আবার ফিরিয়ে নেন। মারওয়ান ইবনে হাকাম ক্ষমতায় আসার পর ফাদাক পুনরায় তাঁর দখলে আসে। তিনি এটি তাঁর ছেলে আব্দুল আজিজকে দান করেন। পরবর্তী সময়ে আব্দুল আজিজের ছেলে উমর ইবনে আব্দুল আজিজের হাতে ফাদাকের মালিকানা পৌঁছায়। উমর ইবনে আব্দুল আজিজ তাঁর সময়ের রাজনৈতিক পরিস্থিতি এবং সম্ভবত জনমতের প্রভাব বিবেচনা করে ফাদাক হজরত ফাতিমা (সা.আ.)-এর বংশধরদের কাছে ফিরিয়ে দেন।[১] কিন্তু এই প্রত্যাবর্তন দীর্ঘস্থায়ী হয়নি। তাঁর মৃত্যুর পর উমাইয়া শাসকরা আবার ফাদাক দখল করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

ফাদাকের এই উত্থান-পতন প্রমাণ করে যে, আহলে বাইতের (আ.) কাছে ফাদাক ফিরিয়ে দেওয়ার বিষয়টি ন্যায়বিচার ও তাঁদের ন্যায্য অধিকারের ভিত্তিতে পরিচালিত হয়নি; বরং তা নির্ভর করেছে শাসকদের রাজনৈতিক স্বার্থ ও তৎকালীন পরিস্থিতির ওপর। যখন কোনো শাসক জনসাধারণের সন্তুষ্টি অর্জন কিংবা নিজের শাসনের বৈধতা প্রতিষ্ঠা করতে চাইতেন, তখন তিনি ফাদাক আহলে বাইতের (আ.) কাছে ফিরিয়ে দিতেন। আবার পরিস্থিতির পরিবর্তন হলে তা তাঁদের কাছ থেকে পুনরায় ছিনিয়ে নিতেন। এই ধারাবাহিকতা প্রমাণ করে যে, ফাদাক সব সময় শাসকদের হাতে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে।

আব্বাসীয় যুগে ফাদাকের প্রত্যাবর্তন

আব্বাসীয় শাসনামলেও ফাদাকের ভাগ্য প্রায় একই রকম ছিল। প্রথম আব্বাসীয় খলিফা সাফফাহ ফাদাক হজরত ফাতিমা (সা.আ.)-এর বংশধরদের কাছে ফিরিয়ে দেন। কিন্তু দ্বিতীয় আব্বাসীয় খলিফা মানসুর তা আবার ছিনিয়ে নেন।

খলিফা মামুনের শাসনামলে একদল সাইয়্যিদ তাঁর কাছে অভিযোগ করেন যে, রাসুলুল্লাহ (সা.) ফাদাক হজরত ফাতিমা (সা.আ.)-কে দান করেছিলেন। মামুন ফকিহদের মতামত বিবেচনা করে এবং সম্ভবত নিজের ধর্মীয় নীতির অংশ হিসেবে ফাদাক হজরত ফাতিমা (সা.আ.)-এর বংশধরদের কাছে ফিরিয়ে দেন।[২] কিন্তু তাঁর পরবর্তী শাসকরা আবার ফাদাক নিজেদের দখলে নিয়ে নেন। এভাবেই ফাদাক ছিনিয়ে নেওয়া ও ফিরিয়ে দেওয়ার ধারাবাহিকতা চলতে থাকে।

ফাদাকের উত্থান-পতনের শিক্ষা ও তাৎপর্য

ইতিহাসজুড়ে ফাদাকের এই উত্থান-পতন আমাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরে।

প্রথমত, ফাদাক ইতিহাসজুড়ে আহলে বাইতের (আ.) ওপর অব্যাহত নিপীড়নের প্রতীক। প্রতিবার ফাদাক তাঁদের কাছে ফিরিয়ে দেওয়া হলেও পরবর্তী শাসকরা আবার তা ছিনিয়ে নিয়েছেন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, ইসলামের ইতিহাসে আহলে বাইতের (আ.) অধিকার হরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে বিদ্যমান ছিল।

দ্বিতীয়ত, ফাদাক সব সময় শাসকদের হাতে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। কোনো শাসক যখন নিজের শাসনের বৈধতা প্রতিষ্ঠা করতে চাইতেন, তখন তিনি ফাদাক আহলে বাইতের (আ.) কাছে ফিরিয়ে দিতেন। আবার যখন মনে করতেন যে, এ পদক্ষেপের ফলে তাঁর রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে, তখন তিনি তাঁদের কাছ থেকে তা ছিনিয়ে নিতেন। শাসকদের এ ধরনের আচরণ আহলে বাইতের (আ.) অধিকার সম্পর্কে তাঁদের সুবিধাবাদী ও স্বার্থান্বেষী দৃষ্টিভঙ্গিরই পরিচয় বহন করে।

তৃতীয়ত, আহলে বাইতের (আ.) কাছে ফাদাক কেবল একটি অর্থনৈতিক সম্পত্তি ছিল না; বরং এটি ছিল তাঁদের ঐশী নেতৃত্ব ও খেলাফতের অধিকারের প্রতীক। ইমাম মূসা কাযিম (আ.) হারুনুর রশিদের সঙ্গে এক আলোচনায় ফাদাককে সমগ্র ইসলামী ভূখণ্ডের প্রতীক হিসেবে তুলে ধরেন, যা ছিল রাসুলুল্লাহ (সা.)-এর পরিবারের ন্যায্য অধিকার, অথচ অন্যরা তা ছিনিয়ে নিয়েছিল।[৩] এ বক্তব্য থেকে বোঝা যায়, আহলে বাইত (আ.) ফাদাককে শুধু একটি সম্পত্তি হিসেবে দেখতেন না; বরং নিজেদের খেলাফত ও শাসনক্ষমতার অধিকারের প্রতীক হিসেবেও বিবেচনা করতেন।

উপসংহার:

ইতিহাসের বিভিন্ন পর্যায়ে ফাদাক আহলে বাইতের (আ.) ওপর নিপীড়ন এবং তাঁদের অধিকার হরণের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। ফাদাক ফিরিয়ে দেওয়া ও পুনরায় ছিনিয়ে নেওয়ার ধারাবাহিক ঘটনা আহলে বাইতের (আ.) ওপর অব্যাহত বঞ্চনার পাশাপাশি তাঁদের অধিকার সম্পর্কে শাসকদের সুবিধাবাদী দৃষ্টিভঙ্গিও প্রকাশ করে।

যদিও ইতিহাসের কয়েকটি পর্যায়ে ফাদাক আহলে বাইতের (আ.) কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রত্যাবর্তন কখনোই স্থায়ী হয়নি। পরবর্তী শাসকরা বারবার তা পুনর্দখল করেছেন। এই ধারাবাহিকতা প্রমাণ করে যে, ফাদাক কেবল একটি উর্বর ভূখণ্ড ছিল না; বরং এটি ছিল ইতিহাসজুড়ে রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র পরিবারের ওপর সংঘটিত জুলুম ও বঞ্চনার এক গুরুত্বপূর্ণ প্রতীক।

বর্তমানে ফাদাক ‘আল-হায়েত’ (الحائط) নামে খায়বারের পূর্ব সীমান্তে অবস্থিত। এটি আজও আহলে বাইতের (আ.) বঞ্চনা এবং তাঁদের অধিকার ছিনিয়ে নেওয়ার ইতিহাস স্মরণ করিয়ে দেয়।[৪]

তথ্যসূত্র:

[১] ফারহাঙ্গে শিয়া, পৃষ্ঠা ৩৫৭।

[২] মু'জামুল বুলদান, খণ্ড ৪, পৃষ্ঠা ২৩৮; শরহে নাহজুল বালাগা, খণ্ড ১৬, পৃষ্ঠা ২১৭।

[৩] মানাকিব, খণ্ড ৪, পৃষ্ঠা ৩২০; বিহারুল আনওয়ার, খণ্ড ২৯, পৃষ্ঠা ২০০।

[৪] নাজাফি, মদিনা-শিনাসি, খণ্ড ২, পৃষ্ঠা ৪৮৯–৪৯২।

মজিদুল ইসলাম শাহ

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha