হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
উত্তর:
ভূমিকা
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওফাতের পর হযরত ফাতিমা জাহরা (সা.আ.) নানা ধরনের শোক, দুঃখ ও প্রতিকূলতার সম্মুখীন হন। একদিকে ছিল তাঁর প্রিয় পিতার বিচ্ছেদ, অন্যদিকে খেলাফত ও ফাদাক ছিনিয়ে নেওয়া এবং আহলে বাইতের (আ.) অধিকার উপেক্ষা করার ঘটনা-যা তাঁর হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করে।
এই শোক ও দুঃখ তাঁর অন্তরে এতটাই গভীরভাবে প্রোথিত হয়েছিল যে, তিনি একজন নিষ্পাপ নারী ও ধৈর্যের আদর্শ হওয়া সত্ত্বেও কখনো নিজের ঘরে কান্নাকাটি ও আহাজারি করতেন, আবার কখনো তৎকালীন পরিস্থিতির প্রতি নিজের শোক ও অসন্তোষ প্রকাশের জন্য বাকির কবরস্থানের নিকটবর্তী একটি স্থানে যেতেন। পরবর্তীকালে ওই স্থানটি ‘বাইতুল আহজান’ নামে পরিচিতি লাভ করে।
বাইতুল আহজান প্রতিষ্ঠার কারণ
মহানবী (সা.)-এর ওফাতের পর হযরত ফাতিমা (সা.আ.) তাঁর প্রিয় পিতার বিচ্ছেদে এত বেশি কান্নাকাটি করতেন যে, তাঁর কান্না ও আহাজারির শব্দ প্রতিবেশীদের কানেও পৌঁছাত এবং তাঁদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াত। এ কারণে কয়েকজন প্রতিবেশী হযরত আলী (আ.)-এর কাছে এসে অনুরোধ করেন, তিনি যেন হয় ফাতিমা (সা.আ.)-কে সান্ত্বনা দিয়ে শান্ত করেন, অথবা তাঁকে অন্য কোনো স্থানে স্থানান্তরিত করেন।[১]
আমিরুল মুমিনীন হযরত আলী (আ.) প্রতিবেশীদের এই অনুরোধের বিষয়টি হযরত ফাতিমা (সা.আ.)-কে জানান। তিনিও বাসস্থান পরিবর্তন করতে সম্মত হন। ফলে বাকির কবরস্থানের নিকটবর্তী এবং আকিল ইবনে আবি তালিবের বাড়ির পাশে তাঁর জন্য একটি স্থান নির্ধারণ করা হয়, যা পরবর্তীকালে ‘বাইতুল আহজান’ নামে পরিচিতি লাভ করে।[২]
রেওয়ায়েত অনুযায়ী, হযরত ফাতিমা (সা.আ.) এই স্থানে তাঁর দুই সন্তান ইমাম হাসান (আ.) ও ইমাম হুসাইন (আ.)-কে সঙ্গে নিয়ে ইবাদত, কান্নাকাটি ও আহাজারিতে মগ্ন থাকতেন। কিছু সময় সেখানে অবস্থান করার পর তিনি নিজের বাড়িতে ফিরে আসতেন।[৩]
এই স্থানটি তাঁর জন্য মহান আল্লাহর সঙ্গে একান্তে সময় কাটানো এবং তৎকালীন পরিস্থিতি নিয়ে নিজের দুঃখ ও বেদনা প্রকাশের একটি নির্জন আশ্রয়স্থল ছিল।
বাইতুল আহজানের অবস্থান ও বৈশিষ্ট্য
বাইতুল আহজান বাকির কবরস্থানের অভ্যন্তরে, এর দক্ষিণ-পশ্চিম দিকে এবং আহলে বাইতের (আ.) ইমামদের কবরের নিকটবর্তী স্থানে অবস্থিত ছিল।[৪]
প্রথমদিকে এটি একটি তাঁবু বা শামিয়ানা হিসেবে ছিল, যা হযরত ইমাম হুসাইন (আ.) তাঁর মায়ের জন্য স্থাপন করেছিলেন। পরবর্তীকালে সেখানে একটি গম্বুজবিশিষ্ট স্থাপনা নির্মিত হয়।[৫]
ইতিহাসের বিভিন্ন সময়ে এই স্থানটি ‘মসজিদে ফাতিমা’, ‘কুব্বাতুল হুযন’ এবং ‘বাইতুল আহজান’সহ বিভিন্ন নামে পরিচিত ছিল।
যদিও এই স্থানটি প্রকৃত অর্থে একটি মসজিদ হিসেবে পরিচিত ছিল না, তথাপি জিয়ারতকারীরা ও শিয়ারা একে একটি পবিত্র স্থান হিসেবে জিয়ারত করতেন এবং সেখানে নামাজ ও ইবাদত আদায় করতেন।[৬]
আহলে সুন্নাতের বিশিষ্ট আলেম ইমাম গাজ্জালিও তাঁর গ্রন্থে এই স্থানে নামাজ আদায়ের প্রতি উৎসাহিত করেছেন।[৭] এ ছাড়া মদিনার ইতিহাসবিদ ও পর্যটকরাও তাঁদের বিবরণে বাইতুল আহজানকে একটি জিয়ারতস্থল হিসেবে উল্লেখ করেছেন।[৮]
বাইতুল আহজান ধ্বংস
সৌদি শাসনামলে বাকির কবরস্থানের পবিত্র স্থাপনাগুলো ধ্বংস করার সময় আহলে বাইতের (আ.) ইমামদের কবরের ওপর নির্মিত স্থাপনাগুলোর পাশাপাশি বাইতুল আহজানও ধ্বংস করা হয়। এর গম্বুজ ও জিয়ারতস্থল মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।[৯]
ইতিহাসবিদদের বিবরণ অনুযায়ী, উসমানি শাসনামলে এই স্থানে লোহার তৈরি একটি ছোট জারিহ বা ঘের নির্মাণ করা হয়েছিল। জিয়ারতকারীরা সেখানে গিয়ে জিয়ারত করতেন এবং বরকত গ্রহণ করতেন।
কিন্তু ধ্বংসের পর এই স্থাপনার কোনো দৃশ্যমান নিদর্শন অবশিষ্ট থাকেনি। বর্তমানে বাইতুল আহজানের কোনো স্থাপনা দেখা না গেলেও শিয়া জিয়ারতকারীরা সেখানে যান এবং হযরত ফাতিমা (সা.আ.)-এর অশ্রুসিক্ত স্মৃতির কথা স্মরণ করে ইবাদত ও শোক পালন করেন।[১০]
ইসলামের ইতিহাসে বাইতুল আহজানের গুরুত্ব
বাইতুল আহজান কেবল একটি ঐতিহাসিক স্থান নয়; বরং ইসলামের ইতিহাসে এটি আহলে বাইতের (আ.) ওপর সংঘটিত নির্যাতন, তাঁদের বঞ্চনা ও শোক-বেদনার প্রতীক হিসেবে পরিচিত।
এই স্থানটি মহানবী (সা.)-এর ওফাতের পর তাঁর পবিত্র পরিবারের ওপর নেমে আসা দুঃখ-কষ্ট ও বিপর্যয়ের স্মৃতি বহন করে। এ কারণে ইতিহাসজুড়ে শিয়াদের কাছে স্থানটি বিশেষ গুরুত্ব ও মর্যাদা লাভ করেছে।
বিভিন্ন বর্ণনায় বাইতুল আহজানকে পিতার বিচ্ছেদে হযরত ফাতিমা (সা.আ.)-এর কান্নাকাটি ও ইবাদতের স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। আহলে সুন্নাতের কয়েকজন বিশিষ্ট আলেমও এই স্থানের গুরুত্বের প্রতি ইঙ্গিত করেছেন এবং এর ঐতিহাসিক অবস্থান তুলে ধরেছেন।[১১]
বর্তমানে বাইতুল আহজানের কোনো দৃশ্যমান নিদর্শন অবশিষ্ট না থাকলেও মদিনায় আগত জিয়ারতকারীরা এই স্থানে গিয়ে হযরত ফাতিমা (সা.আ.)-এর স্মৃতি, তাঁর শোক ও দুঃখ-কষ্টকে স্মরণ করেন। অশ্রু ও দোয়ার মাধ্যমে তাঁরা সেই মহান নারীর প্রতি নিজেদের ভালোবাসা ও আনুগত্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উপসংহার
বাইতুল আহজান মদিনার অন্যতম ঐতিহাসিক ও পবিত্র জিয়ারতস্থল হিসেবে পরিচিত। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওফাতের পর পিতার বিচ্ছেদে হযরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর কান্নাকাটি, ইবাদত ও শোক প্রকাশের স্থান হিসেবে এর সূচনা হয়েছিল। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এই স্থান মুসলমানদের, বিশেষ করে শিয়াদের কাছে বিশেষ সম্মান ও মর্যাদা লাভ করে।
সৌদি শাসনামলে বাইতুল আহজান ধ্বংস করা হলেও এর ঐতিহাসিক ও আবেগগত গুরুত্ব শিয়াদের হৃদয় থেকে মুছে যায়নি। আজও এটি হযরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর শোক, বেদনা ও আহলে বাইতের (আ.) ওপর সংঘটিত জুলুমের এক ঐতিহাসিক স্মারক হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে।
তথ্যসূত্র ও গ্রন্থপঞ্জি
[১] শাইখ সাদুক, আল-খিসাল, খণ্ড ১, পৃষ্ঠা ৩০৪।
মূল বর্ণনা:
«وَ أَمَّا فَاطِمَةُ فَبَكَتْ عَلَى رَسُولِ اللَّهِ(ص) حَتَّى تَأَذَّى بِهَا أَهْلُ الْمَدِينَةِ وَ قَالُوا لَقَدْ آذَيْتِينَا بِكَثْرَةِ بُكَائِكِ وَ كَانَتْ تَخْرُجُ إِلَى الْمَقَابِرِ...»
[২] মাজলিসি, বিহারুল আনওয়ার, খণ্ড ৪৩, পৃষ্ঠা ১৭৭।
[৩] প্রাগুক্ত।
[৪] নাজমি, তারিখে হারামে আইম্মায়ে বাকী, পৃষ্ঠা ১৮২।
[৫] প্রাগুক্ত।
[৬] প্রাগুক্ত।
[৭] গাজ্জালি, ইহইয়াউ উলুমিদ্দিন, খণ্ড ১, পৃষ্ঠা ২৬০।
[৮] তুনেয়ি, মুজতবা, মুহাম্মাদনামা, পৃষ্ঠা ২০৮।
[৯] প্রাগুক্ত।
[১০] নাজমি, প্রাগুক্ত।
[১১] গাজ্জালি, প্রাগুক্ত।
মজিদুল ইসলাম শাহ
আপনার কমেন্ট