মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ - ১৭:০৩
আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির ইন্তেকালে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এক বিশিষ্ট জ্ঞানী ও আধ্যাত্মিক ব্যক্তিত্বকে হারিয়েছে: আয়াতুল্লাহ শাবজিন্দাদার

বিশিষ্ট শিয়া ধর্মীয় নেতা ও মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল-উজমা হোসেইন ওয়াহিদ খোরাসানির (রহ.) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ পরিষদের সচিব আয়াতুল্লাহ মোহাম্মদ মাহদি শাবজিন্দাদার। তিনি বলেন, আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি ছিলেন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম প্রধান স্তম্ভ এবং জ্ঞান ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে অনন্য ব্যক্তিত্ব। তাঁর অসাধারণ জ্ঞানগত অবস্থান, আহলে বাইতের (আ.) প্রতি গভীর অনুরাগ এবং তাকওয়া ও ধর্মীয় দায়িত্ব পালনে বিশেষ নিষ্ঠা ছিল তাঁর ব্যক্তিত্বের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

হাওজা নিউজ এজেন্সি: মরহুম আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির বাসভবনে উপস্থিত হয়ে হাওজা নিউজ এজেন্সির সঙ্গে আলাপকালে আয়াতুল্লাহ শাবজিন্দাদার বলেন, তিনি ছিলেন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম প্রধান স্তম্ভ এবং পূর্ববর্তী যুগের বিশিষ্ট আলেমদের উত্তরসূরি। হাওজার বিভিন্ন শাস্ত্র ও জ্ঞানচর্চায় তাঁর অবস্থান ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ।

ইরানের গার্ডিয়ান কাউন্সিলের ফকিহ পরিষদের সদস্য আয়াতুল্লাহ শাবজিন্দাদার বলেন, ফিকহ, উসুল, কালাম ও বুদ্ধিবৃত্তিক বিভিন্ন শাস্ত্রসহ ইসলামী জ্ঞানের নানা ক্ষেত্রে আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি ছিলেন অগ্রগণ্য। অসাধারণ জ্ঞানগত যোগ্যতার পাশাপাশি আহলে বাইতের (আ.) প্রতি তাঁর গভীর ভালোবাসা ও অনুরাগ, বিশেষ করে হযরত সিদ্দিকা তাহেরা ফাতিমা জাহরার (সা. আ.) প্রতি বিশেষ অনুরাগ ছিল তাঁর ব্যক্তিত্বের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির ইন্তেকালে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এক বিশিষ্ট জ্ঞানী ও আধ্যাত্মিক ব্যক্তিত্বকে হারিয়েছে: আয়াতুল্লাহ শাবজিন্দাদার

ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ পরিষদের সচিব আরও বলেন, ফাতিমি শোকানুষ্ঠান ও ধর্মীয় নিদর্শনগুলোর মর্যাদা রক্ষায় মরহুমের বিশেষ আগ্রহ ছিল। হযরত ফাতিমা জাহরার (সা. আ.) শাহাদাত দিবসে দেশে সরকারি ছুটি ঘোষণার উদ্যোগ বাস্তবায়নে তিনি বিশেষ প্রচেষ্টা চালান এবং এ দিনটিকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির আধ্যাত্মিক ও নৈতিক বৈশিষ্ট্য তুলে ধরে তিনি বলেন, তিনি প্রকৃত অর্থেই আল্লাহভীরু ছিলেন। পরকাল নিয়ে চিন্তিত থাকতেন এবং তাঁর হৃদয় আধ্যাত্মিকতা, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতি নিবেদিত ছিল।

আয়াতুল্লাহ শাবজিন্দাদার আরও বলেন, মারজায়ে তাকলিদের দায়িত্ব গ্রহণের বিষয়ে আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির গভীর সতর্কতা ও উদ্বেগের কথা তাঁর মনে আছে। তিনি বলেন, ‘আমার মনে আছে, যখন তাঁকে মারজায়ে তাকলিদের দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন তিনি নিজেই আমাকে বলেছিলেন, এই দায়িত্ব গ্রহণ করবেন কি না, তা নির্ধারণ করতে তিনি তিনবার ইস্তিখারা করেছিলেন।’

তিনি বলেন, এ ঘটনা মারজায়ে তাকলিদের দায়িত্ব সম্পর্কে তাঁর গভীর আল্লাহভীতি ও দায়িত্ববোধের পরিচায়ক। কারণ, মানুষের ধর্মীয় প্রশ্নের উত্তর দেওয়া এবং সমাজকে ধর্মীয় দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব গ্রহণকে তিনি অত্যন্ত গুরুতর ও ভারী দায়িত্ব মনে করতেন।

পরিশেষে আয়াতুল্লাহ শাবজিন্দাদার বলেন, জ্ঞান ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির অবস্থান ছিল অনন্য। তাঁর ইন্তেকালে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সত্যিকার অর্থেই এক মহান ব্যক্তিত্বকে হারিয়েছে। মহান আল্লাহ যেন এই শোক ও বিশাল শূন্যতা সর্বোত্তম উপায়ে পূরণ করে দেন।

আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির ইন্তেকালে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এক বিশিষ্ট জ্ঞানী ও আধ্যাত্মিক ব্যক্তিত্বকে হারিয়েছে: আয়াতুল্লাহ শাবজিন্দাদার

আপনার কমেন্ট

You are replying to: .
captcha