শনিবার ১৪ মার্চ ২০২৬ - ১০:৪৬
ইসলামি রাষ্ট্রগুলোকে ভাঙতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল প্রধান প্রধান ইসলামি রাষ্ট্রগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে।

হাওজা নিউজ এজেন্সি: শুক্রবার গভীর রাতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সাথে এক টেলিফোন আলাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন যে, ইরান, মিশর, তুরস্ক ও সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তিগুলোর উপস্থিতি ওয়াশিংটন ও তেল আবিব মেনে নিতে পারে না।

এই ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক সামরিক হামলার পরিপ্রেক্ষিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে দুই নেতা মতবিনিময় করেন।

পেজেশকিয়ান উল্লেখ করেন, ইরান যখন পুনরায় হামলার শিকার হয়, তখনো তারা আলোচনায় নিয়োজিত ছিল। তিনি বলেন, “এতে প্রমাণিত হয়েছে যে, ওয়াশিংটন আসলে কোনো প্রকৃত সমাধানে আগ্রহী ছিল না।”

সন্ত্রাসী মার্কিন সরকার ও অপরাধী ইসরাইলি শাসকগোষ্ঠীর ইরান ও অন্যান্য প্রধান ইসলামি রাষ্ট্রকে দুর্বল ও বিভক্ত করার দূরভিসন্ধির কথা তুলে ধরে তিনি বলেন, এই অঞ্চলে ইরান, মিশর, তুরস্ক ও সৌদি আরবের মতো শক্তিশালী ইসলামি রাষ্ট্রগুলোর অস্তিত্ব তারা সহ্য করতে পারে না।

প্রসঙ্গত, ইরানের মহৎ জাতিকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের লজ্জাজনক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পেজেশকিয়ান বলেন, মার্কিন-ইসরাইলি হামলাকারীরা ইরানের বিজ্ঞানী, কমান্ডার, সাধারণ নাগরিক এমনকি রাস্তায়-ঘাটে স্কুলশিক্ষার্থীদেরও হত্যা করেছে।

মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে ইসলামি দেশগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট। অঞ্চলের দেশগুলোর মধ্যে ঐক্য সুসংহত করতে, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ও শান্তি প্রতিষ্ঠায় যেকোনো উদ্যোগকে তিনি স্বাগত জানান।

পেজেশকিয়ান আরও জানান, হুমকি ও সামরিক হামলা উপেক্ষা করে আন্তর্জাতিক কুদস দিবসে লক্ষ লক্ষ ইরানি ফিলিস্তিনের সমর্থনে ও ইরানের পক্ষে সড়কে নামেন।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সাম্প্রতিক হামলায় ইরানি নাগরিকদের হতাহতের ঘটনায় সমবেদনা জানান। তিনি পুনর্ব্যক্ত করেন যে, মিশর এই অঞ্চলে যুদ্ধ, অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার বিপক্ষে।

তিনি কূটনৈতিক প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব আরোপ করেন এবং সতর্ক করে বলেন, চলমান সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। সব পক্ষকে সংযম প্রদর্শনেরও আহ্বান জানান মিশরের প্রেসিডেন্ট।

যুদ্ধ বন্ধ করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় সবধরনের প্রচেষ্টায় মিশর প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha